শিরোনাম

মনোহরদীতে ডাকাতির ঘটনায় পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৫

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে ডাকাতির ঘটনায় পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৫
মনোহরদী থানার হলরুমে সংবাদ সম্মেলন করেন শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার। এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নরসিংদীর মনোহরদীতে ডিম বোঝাই পিকআপ গাড়ি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মালামাল বিক্রির নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মনোহরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন– নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইমন, একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. রিফাত হৃদয়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না (রুমান), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে রহমত আলী (জিল্লুর), নোয়াখালী জেলার সেনবাগ পৌরসভার আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মনোহরদী থানার হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোবারক হোসেন।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকার ইসমাইল হোসেনের বাড়ির সামনে কয়েকজন ডাকাত ডিম বোঝাই পিকআপ গাড়ি আটকায়। এসময় ডিমের গাড়ির চালক ও তার সহযোগীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত গাড়িতে উঠিয়ে হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে ফেলে যায়। এ ঘটনায় গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। এরপরে থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশ সুপারের নির্দেশে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান চালায়। এসময় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (১২ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার সেনবাগ দক্ষিণ বাজার থেকে ডাকাতদের পূর্ব পরিচিত জসিম উদ্দিনের হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপ, ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে।

সহকারী পুলিশ সুপার রায়হান সরকার বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

/এসআর/