শিরোনাম

চেকপোস্টের সামনেই ডাকাতির শিকার প্রবাসী দম্পতি, ৩০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
চেকপোস্টের সামনেই ডাকাতির শিকার প্রবাসী দম্পতি, ৩০ লাখ টাকার স্বর্ণালংকার লুট
ডাকাতির কবলে পড়া মাইক্রোবাস।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের অল্প দূরত্বে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। তাদের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরমান (৪০) জানান, তিনি ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। বুধবার বাড়ি থেকে জাপান যাওয়ার উদ্দেশ্যে একটি হায়েস মাইক্রোবাসে করে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মাইক্রোবাসটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি থামিয়ে আরমান ও তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানান, সড়কে কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন। কিছুক্ষণ পর তার সামনেই মাইক্রোবাসটি ডাকাতি শিকার হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ঘটনাটি মেঘনা টোল প্লাজার আওতাধীন এলাকায় হলেও এটি মহাসড়কের ওপর ঘটেনি। মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটনাটি ঘটেছে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত কিছু এখনো বলা সম্ভব না।’

/এফআর/