শিরোনাম

মাঝনদীতে ডাকাতি, ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট

কিশোরগঞ্জ সংবাদদাতা
মাঝনদীতে ডাকাতি, ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট
লুট। প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর মোহনার মাঝামাঝি স্থানে বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাত দল। পরে ভৈরব নৌ থানার পুলিশ মাঝনদীতে গিয়ে ওই ব্যক্তিদের উদ্ধার করেছে। শনিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১০ জন বাদাম ব্যবসায়ী ভৈরব ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের উদ্দেশে রওনা হন। বাদাম কেনার জন্য তাদের সঙ্গে ছিল ৩৫ লাখ টাকা। টাকাগুলো একটি বস্তায় রাখা ছিল।

বাদাম ব্যবসায়ীরা বলেন, আমাদের নৌকা সকাল পৌনে ছয়টার দিকে ভৈরবে মেঘনা নদীর মোহনা এলাকায় পৌঁছায়। তখন ইঞ্জিনচালিত নৌকায় করে একদল ডাকাত এসে হামলা চালায়। ডাকাতরা নৌকায় উঠে বস্তায় রাখা টাকা লুট করে নেয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এসআর/