শিরোনাম

ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, দেখলেন যথাসময়ে আসেননি কর্মকর্তা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, দেখলেন যথাসময়ে আসেননি কর্মকর্তা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথাসময়ে সকাল ৯টায় অফিস তালাবদ্ধ। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান।

সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।

প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে কর্মকর্তারা তখনো উপস্থিত হননি।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নে ৫নং ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান তিনি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের র‌্যান্ডম পরিদর্শন।

অফিস কক্ষে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা র‌্যান্ডম সিলেক্টেড অফিস। আমরা ভূমি অফিসে অপেক্ষা করছি। এখানকার কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান, কী কী পেন্ডিং আছে-সব আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯টা ১০ বাজে, কেউ আসেননি। যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর আছে, সেটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলবো। আইন অনুযায়ী, ব্যবস্থা নেবো। এ ধরনের আকস্মিক পরিদর্শন সারাদেশে অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান।

/এসআর/