শিরোনাম

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি
দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অন্য এক নারী গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই খালিদ জানান, দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

/এফআর/