শিরোনাম

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনা স্থলে লোকজনের ভিড়

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া, ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার খোর্দযোগিনী উল্লেখ থাকলেও প্রাথমিক অনুসন্ধানে ওই পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের মিল নেই। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন,‘নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এসআর/