শিরোনাম

একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ সংবাদদাতা
একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক মো. আল আমিনকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫) ও ছেলে রিয়াদ (২৪) এবং আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। তারা সবাই ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ নিয়ে গত ২০২৩ সালের ১৯ জুন সেনেরচকপাড়া গ্রামের যুবক আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। সে গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পরদিন (২০ জুন) পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি শেষে বুধবার আসামি ও বাদীপক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. মাহবুব আলম মামুন। আর আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে জানান, আল আমিন হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

/এফআর/