শিরোনাম

মরদেহ চুরির ভয়ে রাতভর কবর পাহারা বাবার

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মরদেহ চুরির ভয়ে রাতভর কবর পাহারা বাবার
কামারখাড়া সামাজিক কবরস্থানে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর প্রতি রাতে পাহারা দিচ্ছে তার পরিবার। মরদেহ চুরির আশঙ্কা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বজ্রপাতে আরাফাত প্রাণ হারান। নিহত আরাফাত উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকার জসিম খানের ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরেজমিন দেখা যায়, উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে আরাফাতের কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং মরদেহ চুরির আশঙ্কা থেকেই তিনি রাতভর কবর পাহারা দেন।

জসিম খান বলেন, আমার ছেলে দরজির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ চুরি ৃহয়। সেই ভয়ে দাফনের পর থেকে কবর পাহারা দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যেন পরিবারটি মানসিক চাপ থেকে মুক্তি পায়।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার গণমাধ্যমকে বলেন, নিহতের দাফন-কাফনের জন্য ইতোমধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কবর পাহারার বিষয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োজিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসআর/