মুন্সীগঞ্জে সড়কের রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৩

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জে সড়কের রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৩
খাদে যাত্রীবাহী বাস

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি দর্শনা পরিবহনের।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপর ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উদ্ধার করা তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/জেএইচ/