শিরোনাম

মানিকগঞ্জে রোগী ভাগিয়ে নেওয়া চক্রের ১২ দালাল আটক

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে রোগী ভাগিয়ে নেওয়া চক্রের ১২ দালাল আটক
আটককৃত দালাল চক্রের ১২ সদস্য। ছবি: সিটিজেন জার্নাল

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে চক্রের ১২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল ঘিরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার। এ সময় র‍্যাব-৪ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সক্রিয় দালাল চক্র মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যেত। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে চক্রের ৮ জন নারী এবং ৪ জন পুরুষ সদস্যকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/