শিরোনাম

মাদারীপুরে রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ ১৬

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ ১৬
মাদারীপুর জেলা হাসপাতাল

মাদারীপুর শহরের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ হয়ে অন্তত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনরা জানায়, শুক্রবার রাতে শহরের পুরাণ বাজার এলাকার ‘আরএফসি’ নামের একটি রেস্তোরাঁ থেকে গ্রিল (পোড়া মুরগি) ও নান রুটি খান বেশ কয়েকজন। এরপরই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় কুলপদ্বী এলাকার সুমাইয়া আক্তার ও মিম আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

অসুস্থদের মধ্যে শহরের ১ নম্বর শকুনি এলাকার হাফসা আক্তার, জান্নাত, ফাতেমা বেগম ও জেসমনি আক্তার; পুরানবাজার এলাকার কুতুবউদ্দিন, রোকসানা বেগম ও নাবিল মাহামুদ; পাঁচখোলা এলাকার রাবিক হোসেন; তালতলা এলাকার ইব্রাহীম; ঘটমাঝি এলাকার তানিয়া; শরীফবাড়ি এলাকার লুবনা আক্তার; পূর্ব রাস্তি এলাকার আমির হাওলাদার; চর কালিকাপুর এলাকার শাওন ঘরামী এবং শরীয়তপুরের মাতালমার ব্রিজ এলাকার সাইফ হোসেন রয়েছেন।

আক্রান্তদের অভিযোগ রেস্তোরাঁটিতে পরিবেশিত অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে খাবারের নমুনা পরীক্ষার পর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুরের নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা রফিকুল ইসলাম।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

/এসআর/