শিরোনাম

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট সংবাদদাতা
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিহত মো. খাদেমুল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বুধবার (১৩ মে) দিবাগত রাত দুইটার দিকে আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকার পাশ দিয়ে সীমান্তে যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে, ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় অন্যরা খাদেমুলকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল।

এদিকে, নিহতের প্রতিবেশীদের দাবি, মাছ শিকার করতে নদীর পাড়ে গিয়েছিলেন নিহত খাদেমুল। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

/এফআর/