শিরোনাম

চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল

লক্ষ্মীপুর সংবাদদাতা
চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৭ মে) রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

এর আগে, বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। সে ইউনিয়নগুলো হলো, বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী।

/এসআর/