শিরোনাম

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
দুর্ঘটনা কবলিত ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটা পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মরদেহ রয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এসআর/