শিরোনাম

একটা দল তাইরে-নাইরে গান শুরু করেছে: জামায়াত আমির

কুড়িগ্রাম সংবাদদাতা
একটা দল তাইরে-নাইরে গান শুরু করেছে: জামায়াত আমির
নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংবাদদাতা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একটি গোষ্ঠী আমার পেছনে লেগেছে। চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা চালিয়ে দিয়েছে। একটা দল ঝাঁপিয়ে পড়ে তাইরে-নাইরে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনোপুঁটি তো গাইল বটে, তাদের বড় বড় মাথাগুলোও গাইতে শুরু করে দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, তারা পেরে ওঠেনি। আমাদের সাইবার টিম তাদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। এরই মধ্যে মূল ষড়যন্ত্রকারীকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারে না। সত্য এখন উদ্ভাসিত।

কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ মন্তব্য করে জামায়াতে ইসলামী আমির বলেন, এই পিছিয়ে পড়া কুড়িগ্রাম থেকে শুরু হবে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা। আমার কাছে দাবি জানাতে হবে না। বঞ্চিতদের আর মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ঈমানি দায়িত্ব। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব আমরা। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবেন। বঞ্চিত এই এলাকায় যেন আল্লাহ মণিমুক্তায় ভরিয়ে দেন।

তিনি বলেন, কুড়িগ্রামের প্রধান দুঃখ তিনটি বড় নদী। এই নদীগুলো হত্যা করে মরুভূমি করা হয়েছে। রাষ্ট্রের বাজেট সব চুরি করা হয়েছে। ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিলে এসব টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব।

শফিকুর রহমান বলেন, রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছে, অধিকার দাও, না হলে গুলি করো। সাঈদ বুকে তিন তিনটি গুলি নিয়েছে বীরের মতো। এখান থেকে আন্দোলন গড়ে উঠেছে। সাঈদ, মুগ্ধ, হাদিসহ ১৪০০ জন শহীদ হয়েছে। তাদের রক্তে নদী লাল হয়েছে। আমরা এ রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তারা জীবন দিয়ে দেশের যে আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত।

আমরা মায়েদের কথা দিচ্ছি, এ দেশে নারীদের নিরাপত্তা নিশ্চত করা হবে, জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে এদেশে নারীরা ধর্ষণের শিকার হবে না। আপনাদের রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গায় শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব। যে দেশে মায়েদের কোনো নিরাপত্তা নেই, সেই দেশ আমার হতে পারে না। আমরা জাতি-ধর্ম দেখব না। সব ধর্মের নারীদের সম্মান করা আমাদের বড় দায়িত্ব।

শফিকুর রহমান এসময় মঞ্চে উপস্থিত কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

এছাড়া কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী ড. আতিকুর রহমানকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়া।

/এসআর/