শিরোনাম

একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার, ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ সংবাদদাতা
একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল আয়োজনে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

স্থানীয়রা জানায়, ওই মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেয়।

তবে একই সময়ে ও একই স্থানে বিএনপির রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসআর/