শিরোনাম

বিএনপির দুই পক্ষে সংঘর্ষে শিশুসহ আহত ১২

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
বিএনপির দুই পক্ষে সংঘর্ষে শিশুসহ আহত ১২
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট-ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে শনিবার সকাল ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষে শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশকিছু দোকানপাটসহ ছয়টি বাড়ি ভাঙচুর করে লুটপাট করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/