শিরোনাম

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্যসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্যসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এবং শৈলকুপার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি বাসা থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রাম থেকে বাদশা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি নায়েব আলী জোয়ার্দার ও আওয়ামী লীগ নেতা বাদশা আলমগীর নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীরকে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

/এসআর/

বিষয়:

ঝিনাইদহ