শিরোনাম

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার রিপন আলী। তিনি বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছেছে বলেও জানান তিনি। এর ফলে দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

/জেএইচ/