শিরোনাম

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভিতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবলসহ ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন বলেন, অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত। থানা চত্বরে অনাকাঙ্ক্ষিত প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

/এসআর/