শিরোনাম

গ্যাস সমস্যা সমাধানে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
গ্যাস সমস্যা সমাধানে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
মতবিনিময় সভায় কথা বলছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্লান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশের দুটি এফএসআরইউ বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে আমদানিকৃত এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের ওপর ভিত্তি করেই বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা সচল থাকে এবং রাজধানীতে গৃহস্থালির রান্নার কাজ চলে।’

বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি মেরামতের জন্য একটি বেসরকারি কোম্পানি ও পেট্রোবাংলা একযোগে কাজ করছে এবং সরকারের জ্বালানি বিভাগ সার্বক্ষণিক তদারকি করছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নৈতিক মূল্যবোধের অভাব থেকেই রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একশ্রেণির মানুষ গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। এই ধরনের অপপ্রচার রোধ করতে সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, অতীতে সমাজে নৈতিক শিক্ষার যে শক্তিশালী ভিত ছিল, বর্তমানে প্রাতিষ্ঠানিক ও বৈষয়িক অগ্রগতি হলেও সেই মূল্যবোধের জায়গায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। সমাজের সেই নৈতিক মূল্যবোধের জায়গাটি পুনরুদ্ধার করতে হবে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/