শিরোনাম

২ কোটি টাকার স্বর্ণসহ আটক চোরাকারবারি

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল সংবাদদাতা
২ কোটি টাকার স্বর্ণসহ আটক চোরাকারবারি
স্বর্ণের বারসহ আটক শাহাব উদ্দিন সরদার

যশোরে ২ কোটি ২৩ লাখ টাকার স্বর্ণসহ শাহাব উদ্দিন সরদার নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গদখালি বাজার থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তি যশোর শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের বাসিন্দা। বাবার নাম ইয়াছিন সরদার।

জানা গেছে, ভোরে ঝিকরগাছার গদখালী বাজারে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনকভাবে শাহাব উদ্দিন সরদারকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন সরদার জানান, ঢাকার সায়দাবাদ এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক শাহাব উদ্দিন সরদারকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

/এসআর/