শিরোনাম

বানিয়াচংয়ের কচু যাচ্ছে বিদেশে

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
বানিয়াচংয়ের কচু যাচ্ছে বিদেশে
কচু খেত

একসময় হবিগঞ্জের বানিয়াচংয়ে কচু আবাদের কারণে অন্য এলাকার মানুষ ব্যঙ্গ করে বলতেন, ‘বাইন্যাচুঙ্গের কচুর মোড়া’। কিন্তু এখন সময় বদলেছে। অবহেলিত সেই কচুই বানিয়াচংয়ের কৃষকের সম্ভাবনার নতুন নাম। এ জেলার কচু দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে কৃষকদের বিভিন্ন জাতের কচু চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, আগে বানিয়াচংয়ে মূলত চাষ হতো সাধারণ জাতের কচু। তবে বাজারে চাহিদা ও পুষ্টিগুণ বিবেচনায় এখন নারকেলি কচুসহ বিভিন্ন জাতের কচু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের। এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা।

কৃষকরা বলছেন, কচু চাষে খরচ কম। তাই লাভের পরিমাণটা একটু বেশি।

উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, ছোটবেলা থেকেই কচু চাষ করছি। আগে কচু বিক্রি করতাম স্থানীয় বাজারে। এখন হবিগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা খেত থেকে কচু কিনে নিয়ে যান। তারা বিদেশেও কচু পাঠান।

বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক গণমাধ্যমকে বলেন, ‘উপজেলার কৃষকরা দীর্ঘদিন ধরেই কচুর চাষ করছেন। বর্তমানে অধিক ফলন, বাজারমূল্য ও চাহিদার কথা বিবেচনায় লাল কচু বা নারকেলি কচুর চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে।

/এসআর/