শিরোনাম

শ্রমিক নেতা সাঈদুর হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ সংবাদদাতা
শ্রমিক নেতা সাঈদুর হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঈদুর রহমানকে হত্যার ঘটনায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

মামলার বাদীপক্ষের আইনজীবী এসএম শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

আসামিদের মধ্যে মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু ও প্রিন্স খাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন পেয়েছেন– ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ ও শওকত শেখ।

এছাড়া অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার গোপালগঞ্জের শিশু আদালতে চলছে। এক আসামি মারা গেছেন।

আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাঈদুরকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন সকালে হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় সাঈদুরের ভাই রাসু বাদী হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

/এসআর/