গাজীপুরে পোশাক শ্রমিকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে পোশাক শ্রমিকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আন্দোলন চলাকালে শ্রমিকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। আন্দোলন চলাকালে রাস্তা অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবারও আন্দোলন করে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় আজ সকাল থেকেই তারা কারখানার আশপাশে অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা।

পরবর্তীতে দুপুর পৌনে ১২টার দিকে পার্শ্ববর্তী আমবাগ এলাকার পিএন নিট কম্পোজিট লিমিটেড নামে আরেকটি গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। এ সময় ওই কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা। এতে শিল্প পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে আন্দোলনকারী হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পার্শ্ববর্তী আরেকটি কারখানায় হামলা করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ অবস্থান করছে।

এসব বিষয়ে জানতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/এফআর/