শিরোনাম

পোস্টাল ব্যালটে ভোট দিলেন কাশিমপুর কারাগারের ৪১২ বন্দি

গাজীপুর সংবাদদাতা
পোস্টাল ব্যালটে ভোট দিলেন কাশিমপুর কারাগারের ৪১২ বন্দি
কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই দিনে ৪১২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কারাগারগুলোর তত্ত্বাবধায়করা এসব তথ্য জানিয়েছেন।

কাশিমপুর কারাগার-১-এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা বলেন, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। তারা মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করছেন।

কাশিমপুর কারাগার-২-এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন বলেন, কারাগারের ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে বুধবার ভোট দিয়েছেন ৯৩ জন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, কারাগারের ৬২৯ জন বন্দি রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার বলেন, ৪৪ জন নারী বন্দি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ৩৪টি হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট নেওয়া হয়েছে।

অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে ২২ হাজার ৯২৭টি ব্যালট অনুমোদিত হয়।

/এসআর/