৩ মিনিট ৪২ সেকেন্ডে শাহরুখ-দীপিকার ঝড়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ মিনিট ৪২ সেকেন্ডে শাহরুখ-দীপিকার ঝড়
‘তু মিল জায়ে’ গানের দৃশ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

৬১ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর) ছিলো তার জন্মদিন। এই দিনে ভক্ত-অনুরাগীদের বিশেষ উপহার দিলেন বলিউড ‘বাদশাহ’। তার আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে আনলেন নির্মাতারা। গানটিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অরিজিৎ সিংহ ও মধুবন্তী বাগচির কণ্ঠের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক তারকা এড শিরানের র‌্যাপ।

গানটি ৩ মিনিট ৪২ সেকেন্ডের। সামাজিকমাধ্যমে অনেকে মন্তব্য করছেন এতে ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গানের ছোঁয়া রয়েছে। ফলে শাহরুখ ও দীপিকার সেই ছবির কথা নতুন করে মনে পড়েছে অনুরাগীদের। বিশেষ করে গেরুয়া পোশাকে দীপিকার সেই বহু আলোচিত দৃশ্যের স্মৃতি ফিরে এসেছে। ‘বেশরম রং’ গানে গেরুয়া রঙের বিকিনি পরার কারণে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে অভিনেত্রী ও নির্মাতাদের বিরুদ্ধে। শুধু সিনেমাই নয়, শাহরুখ খানকেও বয়কটের ডাক ওঠে। তবে এ বার তাকে বিকিনিতে দেখা যায়নি। বরং গেরুয়া রঙের একটি ‘মার্জিত’ পোশাকে নজর কেড়েছেন দীপিকা।

গানটিতে শাহরুখ ও দীপিকার রসায়নের ঝলকও রয়েছে। অভিনেত্রীকে নিজের ‘মাশুকা’ (প্রেয়সী) বলে সম্বোধন করতে শোনা গিয়েছে শাহরুখকে। রোম্যান্টিক মুহূর্তের পাশাপাশি ছবিতে অ্যাকশন দৃশ্যেরও আভাস পাওয়া গেছে। সেখানে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে শাহরুখকে। এড শিরানের ইংরেজি র‌্যাপের সঙ্গে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছে অভিনেতাকে।

গানের শেষে শাহরুখের একটি সংলাপ ছবির আবহকে অন্য মাত্রা দিয়েছে। তিনি বলেন, ‘এ বার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা দুনিয়াকে জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত সেই আগুন নিভবে না।’ এই সংলাপ থেকে ‘কিং’-এ শাহরুখের চরিত্রের অন্ধকার, তীব্র এবং নির্মম দিকটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, করিনা কপুর খান, রানি মুখোপাধ্যায়, অনিল কপুর, অরশদ ওয়ার্সী এবং রাঘব জুয়াল।

/জেএইচ/