আজকের আবহাওয়া: সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আজকের আবহাওয়া: সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সিটিজেন জার্নাল

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে।

বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

/এফআর/