শিরোনাম

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে আটকা ৭০০ যাত্রী

ফেনী সংবাদদাতা
চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে আটকা ৭০০ যাত্রী
ফেনী রেলস্টেশনে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে প্রায় ৭০০ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ (ছোট চেম্বারের ঢাকনা) থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে।

ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিন সরাতে সময় লেগেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

/এসআর/