শিরোনাম

‘কাচ্চি সুলতান’ হোটেলকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
‘কাচ্চি সুলতান’ হোটেলকে লাখ টাকা জরিমানা
ছবি: সিটিজেন জার্নাল

নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খাবার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় ‘কাচ্চি সুলতান’ নামের হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে ‘কাচ্চি সুলতান’ হোটেলের রান্নাঘরে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটি খাদ্য প্রস্তুতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আসছে। এছাড়া হোটেলের কর্মচারীদের নেই কোনো স্বাস্থ্য সনদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী। তিনি বলেন, নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ।

অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/