শিরোনাম

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, স্ত্রীর কারাদণ্ড

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, স্ত্রীর কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত লাভলী আক্তার

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের করার অভিযোগে লাভলী আক্তার নামে এক নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামি স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মামলার বাদী ও আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মো. আরিফুল ইসলাম রতনের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৫ মার্চ স্বামী ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন– এমন অভিযোগ এনে সিংগাইর থানা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন লাভলী।

মামলায় বাদীসহ তিনজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীর জেরার সময় আদালতে প্রমাণিত হয়, বাদীর আরজিতে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেই ঘটনার প্রায় সাত মাস আগেই মামলার অভিযুক্ত রতন প্রবাসে চলে যান।

ফলে মিথ্যা মামলা দায়েরের দায়ে মামলার বাদী লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেন লাভলী আক্তারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার। তিনি বলেন, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। আদালত মানবিক দিক বিবেচনা করে এক মাসের মধ্যে আপিল করার শর্তে এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।

/এফআর/