শিরোনাম

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ: জামায়াতের ৩ নেতা কারাগারে

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ: জামায়াতের ৩ নেতা কারাগারে
(বাঁ থেকে) ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত তিন জামায়ত নেতা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া তিন নেতা হলেন– ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

জানা গেছে, উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে গত ৭ এপ্রিল রাতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চলাকালে হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরও করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর দিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম দিয়ে উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে, মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

/এফআর/