শিরোনাম

১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক
কোতয়ালী থানা, ফরিদপুর

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে চলছিলো খিচুড়ি রান্না। তবে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শোক দিবস ঘিরে খিচুড়ি রান্না করা হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকের ৩০ ঘণ্টা পরও ওই শ্রমিকদের মুক্তি না দিয়ে ফরিদপুর কোতয়ালী থানার গারদে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার দুপুর একটার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট সংলগ্ন বাজার এলাকা থেকে তাদের আটক করার ঘটনা ঘটে।

আটক রিকশা শ্রমিকরা হলেন– হারুন শেখ,মজিদ শেখ, আনোয়ার মোল্লা, মানোয়ার মোল্লা, ইউসুফ শেখ ও তার ছেলে রহিম শেখ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় বছর দেড়েক আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্ট্যান্ড কেন্দ্রীক আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া চলছে। সম্প্রতি শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর, আলীপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ধুলদী রেলগেট বাজার সংলগ্ন কমিটি গঠন করার প্রক্রিয়া চলছিলো। এ উপলক্ষে শ্রমিকরা খিচুড়ি রান্নার আয়োজন করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শোক দিবস পালনের অংশ হিসেবে এ খিচুড়ি রান্না করা হচ্ছে এমন সন্দেহে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ শুক্রবার দুপুরে ধুলদি বাজার এলাকা থেকে ৬ রিকশা চালককে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান জানান, আমাদের সংগঠনটি রাজনৈতিকমুক্ত একটি সংগঠন। পুলিশ আমাদের ৬ জন শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রেখেছে। পুলিশ বলেছে, ছেড়ে দেবে। কিন্তু ৩৯ ঘন্টা পার হলেও আটক শ্রমিকদের ছাড়া হয়নি।

এ বিষয়ে নিয়ে জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের আনা হয়েছিল। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত করে পাওয়া গেছে তারা সবাই নিরীহ রিকশাচালক। তাদের দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

/এসআর/