শিরোনাম

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

দিনাজপুর সংবাদদাতা
ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

পাইপলাইনে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে তেল নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা ৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা– এ তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে পাইপলাইনে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে। এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। চলতি বছরে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে। আগামীকাল শনিবার আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল তেল আসার কথা রয়েছে।

/এমআর/