শিরোনাম

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮
আটককৃত আট নেতাকর্মী

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে এ ঘটনায় আরও পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) সাইদুর ইসলাম।

এর আগে, গতকাল রবিবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন– কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), পোশাকশ্রমিক ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)। আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী সাভার পৌর আওয়ামী লীগের নেতা মাসুম দেওয়ানের ছবি-সম্বলিত ব্যানার নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় ঝটিকা মিছিল শুরু করে। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে আতঙ্কের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে একাধিক অভিযানে রাত ৯টার দিকে আরও ৫ জনসহ মোট আটজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটককৃদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

ওসি সাইদুর ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/