শিরোনাম

মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ
বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) নগর ভবনে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকতে হবে। শতভাগ সফল না হলেও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব।’

তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের ওপর নির্ভরশীল। এ কার্যক্রমের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান, ডিএনসিসি এ ক্ষেত্রেও কার্যক্রম জোরদার করছে। দায়িত্বশীলভাবে কাজ করলে নগরবাসীকে স্বস্তি দেওয়া সম্ভব হবে। ভালো পারফরম্যান্স দেখাতে পারা কর্মীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ।

/এসএ/