শিরোনাম

নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁও থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটনের বাড়ি রংপুর জেলায়। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহত লিটনের সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের পূর্ব বিরোধ ছিল। এর জেরে শনিবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে গতকাল রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় পৌঁছালে লিটনের উপর অতর্কিত হামলা দুর্বৃত্তরা। এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত লিটনের শ্বশুর আব্দুর রউফ এই হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে কিছু লোকের পূর্ব শত্রুতা ছিল। তারা লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/