কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ ২ নেতার সদস্যপদ বাতিল

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ ২ নেতার সদস্যপদ বাতিল
পদ বাতিল হাওয়া কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুন ও সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের মোগলটুলীর ফারুকী হাউজ কার্যালয়ে সভা চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ অক্টোবর মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে এক সপ্তাহের মধ্যে দলের আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ২৬ অক্টোবর আমিরে জামায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়। পরে সভায় কাজী দ্বীন মোহাম্মদ ও এ কে এম এমদাদুল হক মামুনের রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

/এফআর/