রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ রেলকর্মী বরখাস্ত

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ রেলকর্মী বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলামের সই করা এক দপ্তরাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া আরএনবির সদস্যরা হলেন– মো. আরিফ হোসেন (স্টাফ নম্বর সি-৯৮৯), মো. রোকন উদ্দীন (স্টাফ নম্বর সি-৮৮৩), মো. শফিকুল ইসলাম (স্টাফ নম্বর সি-১৩২১) এবং মো. শাহাদত হোসেন (স্টাফ নম্বর সি-৬০০)।

দপ্তরাদেশে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট (সদর)-এর কাছে নিয়মিত দৈনিক হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল রবিবার সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে মারধরের শিকার হন রাবি শিক্ষার্থী আইয়ুব আলী। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সাময়িক বরখাস্তের দপ্তরাদেশ
সাময়িক বরখাস্তের দপ্তরাদেশ

অভিযোগ উঠেছে, আহত আইয়ুব আলী তার চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়।

পরবর্তীতে, মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির ঘোষণা দিয়ে স্টেশনের দিকে রওনা দেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত পৌনে ১২টার দিকে একদল শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশন কার্যালয়ে গিয়ে জানালার কাচ ও চেয়ার ভাঙচুর করেন।

/এফআর/