শিরোনাম

নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদ। ছবি: সিটিজেন জার্নাল

কক্সবাজার টেকনাফের নাফ নদ থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদের মোহনা থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

আটক জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার শাহ আলম, আবুল হোসেন, আমির আব্বাস, আব্দুল শাহেদ ও ইউনুস। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন নৌকায় মাছ শিকার করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে আসে।

তিনি আরও বলেন, মাছ শিকার শেষে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে জানা গেছে।

‎চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। প্রথম দফায় ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের মুক্তির জন্য কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

/এসআর/