শিরোনাম

মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালো যুবক

উখিয়া-টেকনাফ সংবাদদাতা
মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালো যুবক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীর শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর পুঁতে রাখা স্থলমাইনে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। সম্প্রতি উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে খাদ্য সহায়তা কমিয়ে আনা হয়েছে। তাই অর্থ সংকটে অনেক রোহিঙ্গা পরিবার আশ্রয়শিবির থেকে বেরিয়ে মাছ ও কাঁকড়া ধরতে নাফ নদীতে নামছে। তারাই বেশি মাইন বিস্ফোরণে আহত হচ্ছে।

আহত যুবকের নাম ইউনুছ। তিনি উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-২ ব্লকের বাসিন্দা সবুল হকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি।

সীমান্ত এলাকার সক্রিয় সূত্রগুলো জানায়, মিয়ানমারের ভেতরে বিভিন্ন স্থানে পুঁতে রাখা স্থলমাইন দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই মাইনে বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

গত ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১৭ দিনে উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা পা হারালো।

/এসআর/