শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা পাঠানো নিয়ে বিরোধের জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। উপজেলার নতুন হাবলি এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে নতুন হাবলি পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন পূর্ব পাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে বিকাশে টাকা পাঠাতে যান। সে সময় টাকা পাঠাতে বিলম্ব হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরই জেরে রবিবার সন্ধ্যায় বোরহানের পক্ষের লোকজন সুরজাহানের ছেলে শিহাব উদ্দিন এবং পরবর্তীতে তার ভাই শিপনকে মারধর করে।

মারধরের ঘটনার পরপরই নতুন হাবলি পশ্চিম ও পূর্ব পাড়ার সাথে দক্ষিণ আড়িফাইল গ্রামের লোকজনও বিরোধে যুক্ত হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অন্ধকারে টর্চলাইটের আলো জ্বালিয়ে টানা দুই ঘণ্টা ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএকে/