শিরোনাম

সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন, বাঁশখালীতে দুই ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন, বাঁশখালীতে দুই ড্রেজার জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীতে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন দুটি ড্রেজার জব্দ এবং চারজনকে আটক করেছে।ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ রোববার (১৬ নভেম্বর) পশ্চিম পুকুরিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি ড্রেজার জব্দ এবং চারজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী পশ্চিম ও উত্তর পুকুরিয়া এলাকায় একটি প্রভাবশালী চক্র দিন–রাত ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীর দুই তীরের বসতবাড়ি, আবাদি জমি এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে। ড্রেজারের শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন্দ। তিনি জানান, সাঙ্গু নদীর পাড়ের পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদের মালিকানাধীন দুটি ড্রেজারের মাধ্যমে ভূগর্ভস্থ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়েছে।

জব্দ করা ড্রেজার দুটি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারিদ আহমদের জিম্মায় রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও বিদুয়ানুল করিম উপস্থিত ছিলেন।