শিরোনাম

জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে। শুক্রবার (৫ জুন) নগরীর কাজির দেউড়ি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের প্রতিহিংসার রাজনীতি ও দীর্ঘদিনের অবহেলায় চট্টগ্রামের এই ঐতিহাসিক জাদুঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের মাধ্যমে স্থাপনাটি আগের মর্যাদায় ফিরিয়ে আনার পাশাপাশি আরও আধুনিকায়ন করা হবে। জাদুঘরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সংস্কারকাজের প্রয়োজনে জাদুঘরের কয়েকটি রুম বর্তমানে খালি রাখা হয়েছে। সংস্কারকাজ শেষ হলে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ভূমিকা রেখেছেন। তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বাধীনতার ঘোষণা, বীর উত্তম খেতাব অর্জন, সেনাপ্রধান ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন– সব মিলিয়ে দেশের ইতিহাসে জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/