শিরোনাম

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালো ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালো ভারতীয় হাইকমিশন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ আজ জাতির অন্যতম সাহসী সন্তান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে। এ উপলক্ষে আমরা ১৯৭১ সালের মার্চ মাসে দেওয়া তার সেই ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করি। সেই ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে উদ্বুদ্ধ করেছিল এবং দেশের স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়েছিল।

এতে বলা হয়েছে, তখন যেমন ছিল, আজও তেমনি বাংলাদেশ ও ভারতের জনগণের যৌথ ত্যাগের ইতিহাস এবং দুই দেশের মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত বাংলাদেশের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

/এসবি/