শিরোনাম

চট্টগ্রামে নারীদের জন্য রাস্তায় নামলো গোলাপি বাস সার্ভিস

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে নারীদের জন্য রাস্তায় নামলো গোলাপি বাস সার্ভিস
পতেঙ্গা রুটে চলবে বিশেষ এই বাস

চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ নারী বাস সার্ভিস। প্রতিদিন নগরের কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা রুটে চলবে এই বাস। এই রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কালুরঘাট অথবা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া ৬৮ টাকা।

গোলাপি রঙের এ বাসে চালক, সহকারী ও যাত্রী– সবাই থাকবেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দেওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় চট্টগ্রামে নারী বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিআরটিসি সূত্র জানায়, শুরুতে দুইটি বাস দিয়ে সার্ভিসটি চালু করা হয়েছে। এর মধ্যে একটি দ্বিতল বাস, যেটিতে ৭৫টি আসন রয়েছে। অপর বাসটিতে আসন ৪৫টি।

দ্বিতল বাসে একজন নারী চালকের পাশাপাশি দায়িত্ব পালন করবেন দুজন নারী সহকারী। অন্য বাসে থাকবেন একজন নারী চালক ও একজন নারী সহকারী।

প্রাথমিকভাবে বাসগুলো ২২ থেকে ২৫ কিলোমিটার দূরত্বের রুটে চলাচল করবে।

যাত্রী রুমা আক্তার বলেন, নারীদের জন্য আলাদা বাস চালুর দাবি অনেক দিনের। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের বাসের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান।

বাসটির নারী চালক বলেন, নারী চালক, সহকারী ও যাত্রীদের নিয়ে বাস পরিচালনা করতে পেরে আমি গর্বিত। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুর রহমান মিয়া বলেন, নারীদের নিরাপদে কর্মস্থলে যাতায়াত এবং কাজ শেষে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে সরকার এই বিশেষ বাস সার্ভিস চালু করেছে।

গোলাপি রঙ বেছে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, গোলাপি নারীদের পছন্দের একটি রঙ হিসেবে প্রচলিত। সেই ধারণা থেকেই হয়তো বাসের জন্য এই রঙটি বেছে নেওয়া হয়েছে। তবে এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। এটি মূলত একটি পছন্দের রঙ হিসেবে বিবেচনা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালকসহ বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এসআর/