শিরোনাম

নদ-নদীতে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

সিটিজেন ডেস্ক
নদ-নদীতে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস সারাদেশের নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। এ সময় মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকার প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকবে। এসব জেলের মধ্যে ৩৯ হাজার ৪০০ জেলেকে দেওয়া হবে ভিজিএফের চাল। তারা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাস ৪০ কেজি করে ১২০ কেজি চাল পাবে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আইন অমান্য করে জাটকা ধরা হলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা ধরা বন্ধে নৌপুলিশ সক্রিয় থাকবে। নদীতে কেউ জাটকা নিধন করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান সিটিজেন জার্নালকে বলেন, জাটকা সংরক্ষণ হলে এর সুফল মৎস্যজীবীরা পাবেন। নিষেধাজ্ঞা শতভাগ কখনোই কার্যকর হয়নি। জেলেরা সচেতন হলে সেটা সম্ভব হতো। তবে জাটকা সংরক্ষণে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

/এসআর/