শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট স্থগিতের দাবিতে মাদ্রাসাছাত্রদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট স্থগিতের দাবিতে মাদ্রাসাছাত্রদের স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট স্থগিতের দাবিতে সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেন কওমী ছাত্র ঐক্য পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারা স্মারকলিপি দেন। এতে কনসার্ট স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত।

এতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে, এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেই বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এ ধরনের আয়োজনকে ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের মতোই’– এমন একটি বক্তব্যের উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যের পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।

/এসআর/