শিরোনাম

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেয়ামতপুর গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর মরদেহ দাফনের জন্য স্থানীয় কয়েকজন কবরস্থানে কবর খুঁড়তে যান। এ সময় কবরস্থানে থাকা স্টিলের একটি শিল্ড সরানোর চেষ্টা করে কয়েকজন। হঠাৎ সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহের মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/