শিরোনাম

বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘দুই ছেলে ও পৈতৃক বাড়ির’ নামের সঙ্গে মিল থাকায় বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২০ জুন) বিকালে ইউনিয়ন তিনটির নাম পুনর্বিবেচনার জন্য গণশুনানি আয়োজনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বগুড়া জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা চিঠিতে নতুন তিন ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার টেলিফোনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যে চিঠিটি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছি। নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।’

সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয় বিবেচনায় নিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করতে হবে।

এর আগে, গত ১১ ও ১৪ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ী এবং মোকামতলা উপজেলায় সীমান্ত, দিগন্ত নামে দুটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

অভিযোগ উঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে মীরবাড়ী ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নামকরণের প্রক্রিয়া ও গণশুনানি নিয়েও প্রশ্ন উঠে।

/এফআর/